
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হালিশহরে দেয়ালধসে মোহাম্মদ হানিফ (৪৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৩ জুন) ভোররাতে ফইল্লাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকায় ভাড়া বাসায় থাকত হানিফ। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।বিষয়টি নিশ্চিত করে উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম জানান,ভোরে ফইল্লাতলী বাজার এলাকায় দেয়ালধসে একজন মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। এ ছাড়া গতকাল সোমবার রাত ২টার পর থেকে ফইল্লাতলী এলাকায় টর্নেডো আঘাত হানে। এতে ওয়ার্ডের প্রায় দু-তিন শ ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম জানান, টর্নেডোর আঘাতে ফইল্লাতলী বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়ালধসে নিহত ব্যক্তির জানাজা পড়ে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।