
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন,সারাদেশে ৩৩ কোটি ৭২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। যার ফলে ৫৮ হাজার ৫৩৩ জন সুফলভোগী উপকৃত হয়েছেন। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের এডভোকেট মোঃ রহমত আলীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন,মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের আওতায় দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও এর সাথে সংশ্লিষ্ট খামারীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মৎস্য চাষীদের ঋণ দেয়া হয়। তিনি বলেন,ক্ষুদ্র ঋণ বিতরণ নির্দেশিকা মোতাবেক বিতরণকৃত অর্থ আদায়পূর্বক বিদ্যমান তহবিলের সাথে যোগ করে রিভলভিং ফান্ড হিসেবে পুনরায় দরিদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে বিতরণ করা হয়,যা একটি চলমান প্রক্রিয়া। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী বলেন,মৎস্য খাতে এ ক্ষুদ্র ঋণ সম্পূর্ণ সুদমুক্ত। শুধুমাত্র শতকরা ৫ ভাগ হারে সার্ভিস চার্জ প্রযোজ্য।