
নিউজ ডেস্কঃ বৈষম্যমূলক শুল্ক নির্ধারণের কারণে একের পর এক বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আর ফ্যাক্টরি বন্ধে হয়ে যাওয়ায় বিড়ি শিল্প মালিকরা তামাক কেনা বন্ধ করে দিচ্ছেন। চলতি বছরে প্রায় ২০০ কোটি টাকার তামাক অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ফলে দুই লাখ তামাক চাষি চরম বিপাকে পড়েছেন। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেছে বৃহত্তর রংপুর তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি। অভিযোগে বলা হয়েছে,প্রতিবছর বিড়ি শিল্পের ওপর বৈষম্যমুলক শুল্ক নির্ধারণের কারণে বিড়ি শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এতে শ্রমিকরা বেকার হওয়ার পাশাপাশি সর্বশান্ত হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। সমিতির পক্ষ থেকে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর আরোপিত অযৌক্তিক কর প্রত্যাহার ও অবিক্রিত তামাক ক্রয়ের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. হামিদুল হক, সহসভাপতি শফিকুল ইসলাম তুহিন এবং সদস্য গোলাম ফারুক,মাহবুব আলম,বিকাশ চন্দ্র দে, ইকবাল হোসেন,নিতাই সরকার ও আবুল কাশেম।
লিখিত বক্তব্যে বলা হয়,বৃহত্তর রংপুর অঞ্চলের একমাত্র কর্মসংস্থানের উপায় বিড়ি শিল্পকে ধ্বংস করে বিড়ির বাজার সিগারেটের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এতে তামাক চাষিরা আতঙ্কে রয়েছেন। কারণ বিড়ির একমাত্র কাঁচামাল তামাক এই অঞ্চলে চাষ হয়। এই তামাক রংপুর অঞ্চলের একমাত্র অর্থকরী ফসল। প্রায় দুই লাখ কৃষক তামাক চাষের ওপর নির্ভরশীল। প্রতিবছর প্রায় ১৪৮ হাজার একর জমিতে তামাক চাষ হয়,যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। এ ছাড়া তামাক প্রক্রিয়াজাত ও বাজারজাত করাসহ অন্যান্য কাজে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু বৈষম্যমূলক শুল্কের কারণে সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়,তামাক চাষ ও বিড়ি শিল্পের সঙ্গে জড়িতরা একেবারেই সমাজের নিম্নবর্গের মানুষ। তামাক চাষ ও বিড়ি শিল্পে কাজ করা ছাড়া তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই। অথচ তাদের কথা বিবেচনায় না নিয়ে আগামী তিন বছরের মধ্যে বিড়ি শিল্পকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। আর এ ঘোষণা বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর ১১০ শতাংশ মূল্যস্তর বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে,বহুজাতিক কম্পানির দামি সিগারেটের ওপর কোনো করারোপ করেননি। আমাদের প্রশ্ন,তিনি কি সরকারের অর্থমন্ত্রী,না বহুজাতিক কম্পানির অর্থমন্ত্রী?
সংবাদ সম্মেলনে বলা হয়,তামাক বন্ধ করতে চাইলে চাষিদের বিকল্প ফসল চাষের সুযোগ তৈরি করতে হবে। আর ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে বিড়ি ও সিগারেট দুটোই বন্ধ করতে হবে। কারণ সিগারেটের তামাক শুকাতে প্রতিবছর ৬২ হাজার ৫০০ টন কাঠ প্রয়োজন হয়। যার বাজার মূল্য ১০৫ কোটি টাকা। আর এক টন কাঠ পোড়ালে পরিবেশের ক্ষতি হয় ছয় লাখ ৪০ হাজার টাকার। এতে বছরে পরিবেশের ক্ষতি দাঁড়ায় ১৬ হাজার ৮০০ কোটি টাকা। কাঠের মূল্যসহ এই ক্ষতি হয় ১৬ হাজার ৯০৫ কোটি টাকা। কিন্তু বিড়ির তামাক শুকাতে কাঠের প্রয়োজন হয় না। তাই পরিবেশের ক্ষতির প্রশ্নই উঠে না। অথচ অর্থমন্ত্রী বিড়ি শিল্প তুলে দিয়ে পরিবেশের জন্য বেশি ক্ষতিকারক সিগারেটের পক্ষে শুল্কনীতি গ্রহণ করছেন। ফলে লক্ষ লক্ষ গরিব তামাক চাষি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।