News71.com
 Bangladesh
 13 Jun 17, 04:36 PM
 274           
 0
 13 Jun 17, 04:36 PM

সরকার ব্যাঙের মুখে চুমা দেন আবার সাপের মুখেও চুমা দিচ্ছেন ।। সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম

সরকার ব্যাঙের মুখে চুমা দেন আবার সাপের মুখেও চুমা দিচ্ছেন ।। সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম

নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। সমাবেশ শেষে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম অভিযোগ করেছেন, বর্তমান সরকার হেফাজতে ইসলামের সঙ্গে আঁতাত করছে। আবার শ্রেণিস্বার্থ রক্ষায় বাজেট দিয়েছে।আজ মঙ্গলবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গণবিরোধী বাজেট দেওয়ার প্রতিবাদে সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম গণতান্ত্রিক মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় সমাবেশে শাহ আলম এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরকার সরে গেছে উল্লেখ করে সিপিবির এই নেতা বলেন, ‘আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আর শামীম ওসমানদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পালেন। হেফাজতের সঙ্গে আঁতাত করেন। মাফিয়া-আমলাদের তোষণ করেন। ব্যাঙের মুখেও চুমা দেন, সাপের মুখেও চুমা দিচ্ছেন। নিজেরে চালাক ভাবেন। আর অন্যদের বোকা ভাবেন।’ বাজেটকে গণবিরোধী উল্লেখ করে এটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এই বাজেট গরিবকে আরও গরিব এবং ধনীকে আরও ধনী করছে।

প্রস্তাবিত বাজেট বাতিল করা না হলে ঈদের পর হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ব্যাংকগুলোতে লুটপাট চলছে। কোটি কোটি টাকা পাচার হচ্ছে। লুণ্ঠনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আবগারি শুল্ক আরোপ করেছে। মোটা চালের কেজি এখন ৪৮ টাকা। এটি ২৪৮ টাকা কেজি হলেও লুটেরাদের কোনো কিছু যায়-আসে না। সরকার মনে করছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসবে। কিন্তু মানুষ ৫ জানুয়ারির মতো ভোট আবারও মেনে নেবে না।

এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন দলগুলোর নেতা-কর্মীরা। এ সময় রাজেকুজ্জামান রতনসহ আরও অনেকে বক্তব্য দেন। পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব-সংলগ্ন সচিবালয়মুখী সড়কের দিকে যান তাঁরা। সেখানে পুলিশের বাধা পেয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন দলগুলো নেতা-কর্মীরা। সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হাওরের দুর্গত মানুষের দিকে সরকার নজর রাখছে না। নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা চাপাচ্ছে। ব্যাংকে টাকা রাখলে অতিরিক্ত কর প্রত্যাহারসহ দ্রব্যমূল্য সহনীয় করার দাবি জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন