
নিউজ ডেস্কঃ দুইদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত চার সেনা সদস্যসহ ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশষ খবর অনুযায়ী রাঙামাটিতে ৭৬ জন,চট্টগ্রামে ২৭ এবং বান্দরবানে ৭জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত পাহাড়ধসে এ দুর্ঘটনা ঘটে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩০ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা। সন্ধ্যার পর উদ্ধার করা হয় আরও কয়েকজনকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে চলছে ভারি বৃষ্টিপাত। পাহাড়ি ঢলে গত সোমবার রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে বৃষ্টির পানিতে মাটি সরে গেলে সদর উপজেলাসহ রাঙামাটির বিভিন্ন এলাকা,বান্দরবান ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় ধস ও গাছচাপার এ ঘটনা ঘটে।
টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে সেনা কর্মকর্তা ও সদস্যসহ ৭৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটি শহরে ২৪ জন,শহরের পাশে মানিকছড়ি এলাকায় চার সেনা সদস্য,কাউখালী উপজেলায় ২৮ জন,কাপ্তাই উপজেলায় ১৫ জন ও বিলাইছড়ি উপজেলায় পাঁচজন নিহত হয়েছেন। জেলার সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান,পাহাড়ধসে রাঙামাটি শহরে ৭৬ জন মারা গেছেন। মানিকছড়ি এলাকায় মারা গেছেন চার সেনা সদস্য। এর মধ্যে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তানভীরের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে এসেছে। এ ছাড়া আরও তিন সেনাসদস্য এখানে ভর্তি হয়েছেন।
সেনা সদস্য হতাহত হওয়ার ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,ভোরে রাঙামাটির মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে রাঙামাটি জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রম চলার সময় আনুমানিক বেলা ১১টায় উদ্ধার কার্যস্থল সংলগ্ন পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারী দলের ওপর ধসে পড়লে তারা মূল সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে যান। পরে একই ক্যাম্প থেকে আরও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুজন সেনা কর্মকর্তাসহ চারজন সেনাসদস্যকে নিহত এবং ১০ জন সেনাসদস্যকে আহত অবস্থায় উদ্ধার করেন।