
নিউজ ডেস্কঃ: বরিশালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় আব্দুল খালেক হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধকে বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চরমোনাইর ইউনিয়নের চাঁদেরহাট বাজারে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৭/৮ জন যুবক তাকে পিটিয়ে আহত করে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর খালেকের মৃত্যু হয়।আবদুল খালেক চরমোনাইর চরহোগলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। যৌন হয়রানির শিকার ওই স্কুলছাত্রীর ফুফা হতেন তিনি। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। হত্যাকারী বখাটেদের গ্রেফতারের জন্য গত বুধবার রাত থেকে চরমোনাইরে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজন।
আবদুল খালেকের প্রতিবেশী শামীম হোসেন সাংবাদিদের জানান, খালেকের শ্যালকের মেয়ে চরহোগলা গ্রামের ওই ছাত্রীকে একই এলাকার নিজামউদ্দিনের ছেলে ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তুষার দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। ঘটনাটি খালেকের নজরে আসে। তিনি এর প্রতিবাদ জানালে তার ওপর তুষার ক্ষিপ্ত হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদেরহাট বাজারে ৭-৮ জন সহযোগী নিয়ে তুষারের নেতৃত্বে খালেকের ওপর হামলা হয়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, খালেককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নেওয়ার আগেই তার মৃত্যু ।