
নিউজ ডেস্কঃ আজ রবিবার বিকেল চারটার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের কুকারাম সরকারেরডাঙ্গি গ্রামে বজ্রপাতে একই পরিবারের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় চারজনই নিজের ক্ষেত থেকে চিনা বাদাম তুলছিলেন। নিহতরা হলেন,একই গ্রামের মৃত শেখ বয়েজউদ্দিনের ছেলে শেখ আরজান (৪৫),তার স্ত্রী আনো্য়ার বেগম (৩৫),মেয়ে বীথি আক্তার (১৫) এবং বেলাল মোল্লা (৪০)। বেলাল মোল্লা পাশের চরভদ্রাসন উপজেলার সদরের মাথাভাঙ্গা গ্রামের জমির মোল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদ জানান,আজ রবিবার বিকেল চারটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে ক্ষেত থেকে আরজান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে এবং বেলাল মোল্লা চিনা বাদাম তুলছিল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বজ্রপাত হলে তারা চারজনই ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।