News71.com
 Bangladesh
 24 Jun 17, 08:04 PM
 165           
 0
 24 Jun 17, 08:04 PM

ভ্যাটের নতুন কাঠামো ।। জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন স্বয়ং প্রধানমন্ত্রী

ভ্যাটের নতুন কাঠামো ।। জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন স্বয়ং প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভ্যাটের হার নিয়ে চলা সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট পেশ করার আগে থেকে শুরু হওয়া ভ্যাট নিয়ে সমালোচনার চূড়ান্ত রূপ নেয় ১ জুন বাজেট ঘোষণার পর। যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে, জনমনে, গণমাধ্যমে এবং সংসদে। তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী।ভ্যাটের কারণে যাতে জনজীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন।তিনি নতুন ভ্যাট আইন স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এর পর ভ্যাটনির্ভর বাজেটের আবার নতুন হিসাব-নিকাশ করা হয়েছে। ভ্যাটের নতুন এ কাঠামোটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে। তিনি এটি দেখে ঈদের আগেই ভ্যাটের বিষয়টি চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে দেবেন।

সূত্র জানায়, গত সোমবার এসব বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন। এর পর গত চার দিনে তারা দিন-রাত কাজ করেছেন। গত বুধবার রাতে অর্থমন্ত্রী সচিবালয়ে দীর্ঘক্ষণ এসব নিয়ে কাজ করে বৃহস্পতিবার একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করেন এবং ওই দিনই সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে তা উপস্থাপন করেন। এ সময় অর্থ সচিব ও এনবিআরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।সূত্র আরও জানায়, আগের আইন অনুযায়ী ভ্যাটের আওতা বাড়িয়ে এবং ভ্যাটের হার কিছুটা কম-বেশি করার প্রস্তাব করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ না পড়ে। গ্যাস ও বিদ্যুৎ বিলসহ নিত্যপ্রয়োজনীয় সেবার ওপর ভ্যাটের হার আগের মতোই রাখার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে সূত্র জানায়, নতুন আইনে ভ্যাট আদায়ের জন্য যে কাঠামো তৈরি করা হয়েছে তাতে ১৫ শতাংশ হারেই ভ্যাট দিতে হবে। এর কম হলে সফটঅয়্যার তা গ্রহণ করবে না। এ মুহূর্তে নতুন সফটঅয়্যার তৈরি করে ভ্যাটের হার কমিয়ে আনা সম্ভব হবে না।অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা যায়, বিদ্যমান ব্যবস্থায় যে ১৫টি সেবা খাতে হ্রাসকৃত হারে ভ্যাট আছে, সেগুলো আগামী অর্থবছরও থাকবে। তবে এ হার সামান্য বাড়তে পারে। একই সঙ্গে ভ্যাটের আওতা আরও বাড়ানো হতে পারে।ভ্যাটের বিষয়ে সংশোধিত কাঠামো প্রধানমন্ত্রী পর্যালোচনা করে আজ কালের মধ্যেই অর্থমন্ত্রীর কাছে পাঠাবেন। তার আলোকে অর্থ মন্ত্রণালয় এ কাঠামো চূড়ান্ত করবে। এবারের বাজেটে ভ্যাট খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরার কারণে শেষ মুহূর্তে আবার তা পরিবর্তন করায় বাজেটের হিসাবও এলোমেলো হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় মূল বাজেট অক্ষুণ রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও রাজস্ব খাতের উন্নয়ন ব্যয় কিছুটা কমাতে চাচ্ছে। সেইসঙ্গে বাড়াতে চাচ্ছে বাজেট ঘাটতির আকার।এদিকে ব্যাংক হিসাবে গ্রাহকের জমার বিপরীতে আবগারি শুল্কের বাড়তি হার কার্যকর করতে আগ্রহী নয় সরকার। এর পরিবর্তে আগের হারই বহাল রাখা হচ্ছে। ফলে এ খাতেও রাজস্ব আয় কম হবে।অন্যদিকে আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে আমদানি পর্যায়ে শুল্কে হার বাড়ানো যাচ্ছে না। বরং এ খাতে শুল্কে হার কমানো হচ্ছে। ফলে এখন সরকার আমদানি ও উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপের চিন্তাভাবনা করছে। এই খাত থেকে রাজস্ব বাড়িয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন