
নিউজ ডেস্কঃ নির্বাচনের মাঠ প্রস্তুতে আন্দোলনের ছক কষছে বিএনপি। ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন হবে ধরে নিয়ে এ পরিকল্পনা করা হচ্ছে।ঠিক কখন আন্দোলনে নামা যায় তা নিয়ে শলাপরামর্শ চলছে দলের অভ্যন্তরে।জানা গেছে, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে নামতে বিএনপির হাইকমান্ডকে পরামর্শ দিচ্ছে কোনো কোনো পক্ষ।তবে এ ক্ষেত্রে দলটি বেশ সতর্ক। রাজনৈতিক সমঝোতাকে প্রাধান্য দিয়ে সামনে এগোনোর কৌশল নিচ্ছেন তারা।পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের শুরুতে অথবা নির্বাচনের ছয় মাস আগে ‘অল আউট’ আন্দোলনের পথ বেছে নেয়া হতে পারে। আগামী মাস ছয়েকের মধ্যে দেশে আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিএনপির শীর্ষপর্যায়ের কোনো কোনো নীতিনির্ধারক। ওই সময় নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে জোর আন্দোলনের বিষয়টিও সক্রিয় ভাবনায় রয়েছে বলে জানা গেছে।দলের নীতিনির্ধারকেরা বলছেন, সব কিছু নির্ভর করছে অনুকূল পরিস্থিতির ওপর। তবে এবার তারা কোনো ভুল করতে চান না।
২০১৫ সালের মতো ‘পরিকল্পনাহীন’ কোনো আন্দোলনও আর হবে না। পরিস্থিতি বিশ্লেষণ করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই আন্দোলনে নামবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এখন দল পুনর্গঠনের ওপর জোর দিচ্ছি। আর আন্দোলন তো দিনক্ষণ ঠিক করে হয় না। সময় এবং পরিস্থিতি বুঝে আন্দোলনের ডাক দেবেন চেয়ারপারসন।জানা গেছে, কোনো কোনো মহল থেকে বিএনপি হাইকমান্ডকে সহায়ক সরকারের দাবিতে চলতি মাস থেকেই ‘কঠোর’ আন্দোলন শুরু করার পরামর্শ দেয়া হয়েছিল। তবে তাতে আগ্রহ দেখায়নি হাইকমান্ড। কারণ, প্রস্তুতি ও মোক্ষম সময় বিবেচনা না করে আন্দোলনে নামার পক্ষে নন তারা। একাধিক শীর্ষ নেতা বলেছেন, বিএনপির শুভাকাক্সক্ষী ও দেশের ভেতরে তাদের বন্ধুপক্ষগুলো এবারের আন্দোলনে পুরোপুরি সমর্থন দেবে। কূটনীতিক পর্যায়েও তারা আলোচনা করছেন। পাশের দেশ ভারতও চায় এবার বাংলাদেশে সবার অংশগ্রহণে চায় একটি নির্বাচন হোক। রমজানে বিভিন্ন ইফতার মাহফিলে জনগণকে নিয়ে ‘সহায়ক সরকারের’ অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সূত্র ধরে দলের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, শিগগিরই নিয়মতান্ত্রিক কিছু কর্মসূচির ঘোষণা আসবে।
বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ, মিছিল হবে সারা দেশে। এর মূল লক্ষ্য, চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠ প্রস্তুত করা। আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে দল পুনর্গঠনপ্রক্রিয়া শেষ করে ডিসেম্বরে আন্দোলন জোরদার করা হতে পারে। দলের নেতারা বলেছেন, বিগত আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এবার প্রথমেই অল আউট আন্দোলনে না গিয়ে ধীরে ধীরে আন্দোলনকে বেগবান করতে চান তারা। এ জন্য মাসখানেকের মধ্যে নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি ফর্মুলা দেয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলেন করে এই ফর্মুলা দেশবাসীর সামনে তুলে ধরবেন। এরপর বিভাগীয় শহরগুলোতে জনসভা করতে পারেন তিনি। বিএনপির শীর্ষপর্যায়ের আলোচনা থেকে জানা যায়, বিভিন্নপর্যায়ে এখন যে আলোচনা তা হলো এবারের নির্বাচন। তবে দলটির দৃঢ় বিশ্বাস, এবার আর একতরফা নির্বাচন করা সম্ভব হবে না। কারণ, নির্বাচন করতে হলে যেসব উইং সরকারকে ব্যবহার করতে হয়, তারা সবাই সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। পশ্চিমা দেশ, ইউরোপীয় ইউনিয়ন, দাতা সংস্থা, এমনকি জাতিসঙ্ঘও সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমাদের দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। শিগগিরই দলের চেয়ারপারসন নির্বাচনকালীন সহায়ক সরকারের ফর্মুলা দেবেন।