News71.com
 Bangladesh
 03 Jul 17, 08:02 PM
 190           
 0
 03 Jul 17, 08:02 PM

সিরাজগঞ্জের চৌহালী রক্ষা বাঁধে ফের ধস,এলাকায় আতঙ্ক।।  

সিরাজগঞ্জের চৌহালী রক্ষা বাঁধে ফের ধস,এলাকায় আতঙ্ক।।   

নিউজ ডেস্কঃ বর্ষার শুরুতেই প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে সিরাজগঞ্জের চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধে ফের ধস নেমেছে। আজ সোমবার দুপুরে উপজেলার খাসকাউলিয়া ইউপির আজিমুদ্দীন মোড়ে আকস্মিক ধসে প্রায় ৮৫ মিটার এলাকা বিলীন হয়ে যায়। এ নিয়ে চলতি বছরেই নির্মাণাধীন বাঁধটিতে ৫ম বারের মত ধস দেখা দিল। এর আগে ২ ও ১৬ মে, ৮ ও ২৩ জুন এ বাধের বিভিন্ন অংশে ধসে যায়। এদিকে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বাধটিতে দফায় দফায় ধস দেখা দেয়ায় নদী তীরবর্তী মানুষগুলোর মাঝে আতংক বিরাজ করছে।


জানা যায়,টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০১৫ সালের ২৪ নভেম্বর ১০৯ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের সরাতৈল থেকে সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়া পর্যন্ত সাত কিলোমিটার চৌহালী শহর রক্ষা বাঁধ নামের প্রকল্পের কাজ শুরু করা হয়। ইতোমধ্যে বাঁধের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ শেষ হবার আগেই বাঁধে বার বার ধস দেখা দেয়ায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে। সর্বশেষ আজ সোমবার দুপুরে আজিমুদ্দিন মোড়ে ধ্স দেখা দেয়। মুহুর্তের মধ্যে ৮৫ মিটার বিলীন হয়ে যায়। ধসে রোধে পাউবো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ চৌধুরী সঞ্জু জানায়,নির্মাণ কাজে ত্রুটি ও অনিয়মের কারণে বার বার এ ধ্বস নামছে। সরকার চৌহালী রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। ভাঙন অব্যাহত থাকলে চৌহালীর অস্তিত্ব থাকবে না। ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। চৌহালী রক্ষা বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান,যমুনা পানি বৃদ্ধি ও প্রবল স্রোত আজিমুদ্দিন মোড়ে আঘাত হানায় বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হয়ে এ ধস দেখা দিয়েছে। তবে আতঙ্কের কিছুই নেই ধসে যাওয়া ৭৫ মিটার এলাকায় সংস্কারের কাজ দ্রুত শুরু করা হবে। তিনি আরো জানান,বার বার ধস নামায় আমরাও বিব্রত বোধ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন