
আন্তর্জাতিক ডেস্কঃ বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় নিজ স্ত্রীকে বাজি ধরেছিলেন ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি। কিন্তু হেরে যাওয়ার পর বাজির নিয়মেই নিজের স্ত্রীকে দুই বিজয়ীর হাতে তুলে দিতে বাধ্য হন ওই ব্যক্তি। অবশেষে অভিযোগ পাওয়া গেছে, জুয়ায় জিতে পরাজিতের স্ত্রীকে ধর্ষণ করে ওই দুই যুবক।মধ্যপ্রদেশের ইন্দোরে পুলিশের কাছে অভিযোগে ওই নারী জানান, জুয়ার নেশায় অন্ধ ছিলেন তার স্বামী। গত বুধবার দুই বন্ধুর সঙ্গে জুয়া খেলতে গিয়ে আকস্মিক তাকেই বাজি হিসাবে ধরেন স্বামী। খেলায় হেরেও যান। এরপরেই স্বামীর ওই দুই বন্ধু চড়াও হয় তার উপর। ওই নারীর অভিযোগ, দুই যুবক মিলে তাকে উপর্যুপরি ধর্ষণও করে ।
এ ঘটনা সম্পর্কে ইন্দোর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যোতি শর্মা স্থানীয় সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই দুই অভিযুক্তের বক্তব্যও রেকর্ড করা হবে। তবে উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান তিনি। এই ঘটনার পরেই স্বামীকে ছেড়ে চলে আসেন ওই মহিলা। তবে অভিযুক্ত দুই যুবক এখনও তাকে উত্যক্ত করে চলছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।