
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন,আমরা এই নির্বাচন কমিশনকে পছন্দ করি নাই,আমরা মনে করি এই কমিশন একপেশে। দলীয়ভাবে তাদেরকে নিয়োগদান করা হয়েছে,এই কমিশনের প্রতি আমাদের আস্থা নাই। আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা হয়। মওদুদ বলেন, নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় একটি সরকার থাকবে,যে সরকারের অধীনে নির্বাচন হবে। যেটাকে আমরা সহায়ক সরকার বলি।
তিনি বলেন,এই নির্বাচন কমিশন সত্যিকারঅর্থে নিরপেক্ষ কমিশন না। আজকে প্রধানমন্ত্রীসহ এই সরকারের মন্ত্রী-নেতৃবৃন্দরা জনসভা করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। স্বয়ং প্রধানমন্ত্রী প্রকাশ্যে ভোট চেয়ে জনগণকে আহ্বান জানাচ্ছেন। মওদুদ বলেন,আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয় না। আমাদেরকে একটা সভা করতে দেওয়া হয় না। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গামাটিতে একটা নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সেখানে যারা ভূমিধসে নিহতের পরিবার ও আহতদের সমবেদনা জানানো জন্য,সেখানে তাকে যেতে দেয়নি। সরকার কতটুক নিচু হয়ে যেতে পারে তা বলার নেই।