
নিউজ ডেস্কঃ গৃহবধূকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।আশাশুনির পিরোজপুর গ্রামের শহীদুল ইসলাম মামলাটি করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জোয়ারদার আমিরুল ইসলাম আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন খাজরা ইউপির চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম (৩৬), পিরোজপুর গ্রামের সাইফুল্লাহ গাজী (৩৮), রিপন সরদার (৩০) ও আবু মুছা (৩০); দুর্গাপুর গ্রামের কামরুল ইসলাম (৪৫), তাঁর ভাই আনারুল ইসলাম (৩৫), লাভলু গাজী (৩৫), মহসিন সরদার (২৪) ও খায়রুল ইসলাম (২৮); চেউটিয়া গ্রামের কবীর হোসেন (৩৬) এবং খুলনা সদর উপজেলার সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার চিশতি ওরফে চুন্নু (৪০)।মামলার বিবরণে বলা হয়, গোপালগঞ্জ সদর উপজেলার বটবাড়ি গ্রামের সোমা বিশ্বাস (২৫) পাঁচ বছর আগে যাত্রাদলের নায়িকা হিসেবে দুর্গাপুর গ্রামে আসেন।তাঁকে খাজরা ইউপির চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের সহযোগিতায় ধর্মান্তরিত করে টুম্পা খাতুন নাম দেওয়া হয়।
পরে সাইফুল্লাহ গাজী তাঁকে বিয়ে করেন।সাইফুল্লাহ গাজীর আগেও এক স্ত্রী ছিল।মাস দুয়েক আগে দুর্গাপুরে যাত্রাপালা এনে দলটির এক মেয়েকে তৃতীয় বিয়ে করেন সাইফুল্লাহ।এ নিয়ে টুম্পার সঙ্গে সাইফুল্লাহর কলহ তৈরি হয়। গত ৯ জুন দিবাগত রাত তিনটার দিকে তাঁদের বাগদা চিংড়ির হ্যাচারির বাসায় কয়েকজন লোক আসেন।সাইফুল্লাহ তাঁদের বলেন, ‘তোদের যা বলেছি সেই অনুযায়ী কাজ করো।এরপর শাহানেওয়াজ ডালিমসহ ১৪-১৫ জন টুম্পাকে ধর্ষণ করেন।পরে কেরোসিন ঢেলে ও কাঁথায় জড়িয়ে টুম্পার শরীরে আগুন দেওয়া হয়।এরপর টুম্পাকে সদর হাসপাতালে ভর্তি করেন সাইফুল্লাহ।সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে ১৬ জুন টুম্পা মারা যান।এ বিষয়ে কথা বলার জন্য সাইফুল্লাহ গাজীর মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।খাজরা ইউপির চেয়ারম্যান শাহানেওয়াজ বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।মারা যাওয়ার পর শুনেছেন, কলহের কারণে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে টুম্পা আত্মহত্যা করেছেন।আশাশুনি থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আদালতের নির্দেশ তাঁর হাতে পৌঁছায়নি।