
নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমুহের অনার্স পরীক্ষার ফল প্রকাশের আশ্বাস দিলেও কাজ হয়নি । শিক্ষার্থীরা পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন। আন্দোলন প্রশমিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান রাজপথে এসে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের দ্রুত ফল প্রকাশের আশ্বাস নিয়ে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেন । কিন্ত সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। আন্দোলনকারীরা জানান,২০১১-১২ সেশনে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা গত ১০ মাস আগে শেষ হলেও ফল প্রকাশ করা হয়নি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষার্থীরা অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়ে গেছেন। আর আমরা এখনো ফলের অপেক্ষায় রয়েছি। এ কারণে বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছি।
আনেদোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাবি উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামান বলেন,এত অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না। সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার বিষয়টি ছিল অপরিকল্পিত। এর প্রস্তুতি ও সামর্থ বিবেচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব জটিলতা নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের শান্ত থাকতে অনুরোধ করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। পরিস্থিতি উত্তাল হলে কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই উপাচার্য সেখান থেকে চলে যান।