
নিউজ ডেস্কঃ আজ বুধবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিয়ে গোপন বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি । দেশের সকল গণমাধ্যমকে আড়ালে রেখে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবিহ উদ্দিন আহমেদ,ব্যারিস্টার রুমীন ফারহানা, রিয়াজ রহমান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জয়নাল আবদীন, ব্যারিস্টার নওশের জামিল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
বিদেশি কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন, ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ডেনমার্ক, নরওয়ে, মালদ্বীপ, নেপাল, মরক্কোসহ আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানা গেছে,বৈঠকে প্রধান বিচারপতি ও রোহিঙ্গা ইস্যু এবং চলমান রাজনীতি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির হঠাৎ ছুটির বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের অবহিত করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠকের সত্যতা স্বীকার করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা বলেন, চিফ জাস্টিসের রিমুভালের ওপর কূটনীতিকদের সঙ্গে আমাদের ব্রিফিং ছিল। উনাকে (প্রধান বিচারপতি) জোর করে ছুটিতে পাঠানো হলো এ বিষয়ে কূটনীতিকদের অবহিত করেছি।