
নিউজ ডেস্ক : পরোয়ানা থাকলেও আজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করবে না পুলিশ । বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে পারবে। সেখানেও কোন প্রকার বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সরকার । তবে রাজধানীর গনপরিবহন ব্যবস্থায় যাতে কোন সমস্যা না হয় এবং বিমান বন্দর সড়ক যেন সচল থাকে তারজন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক গতকাল বলেছেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে গ্রেফতার করা হবে এটা ঠিক নয়,তাকে আদালতে যাওয়ার সুযোগ দিতে হবে। তার নামে গ্রেফতারি পরোয়ানা হলেই তাকে ধরতে হবে তা নয় তিনি একজন সন্মানী ব্যক্তি, সেহেতু এটি আদালতের বিষয়।
আইজিপি গতকাল মিরপুর ১৪ নম্বরের শহীদ পুলিশ স্মৃতি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এসময় আইজিপি আরও বলেন,গণমাধ্যমের মাধ্যমে শুনেছি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তা এখনো থানায় পৌঁছায়নি। তিনি আরও বলেন,কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে আনতে হবে,বিষয়টি এমন নয়। যেহেতু খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি,তাই তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে হবে তা নয়,এটি আদালতের বিষয়।