
নিউজ ডেস্কঃ নির্বাচনে আশার নামে নামে নির্বাচন ভন্ডুল করাই বিএনপি-খালেদা জিয়ার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুব লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। ইনু বলেন,সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বিএনপি। সেজন্যই নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত এক অস্বাভাবিক প্রস্তাবের বান্ডিল দিয়েছে তারা।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় ১৫ আগস্ট ঘাতকদের হাতে নৃশংসভাবে শহীদ ‘শেখ রাসেল’কে গভীর মমতায় স্মরণ করে হাসানুল হক ইনু বলেন,মোস্তাক-জিয়া খুনী চক্র’ বঙ্গবন্ধুকে সপরিবারে এমনকি শিশুপুত্র শেখ রাসেলসহ হত্যা করে প্রকৃত পক্ষে বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু জাতির আত্মাকে হত্যা করা যায় না। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।
শেখ রাসেলের মতো শিশুকেও হত্যার কারণ অনুসন্ধানে তথ্যমন্ত্রী বলেন,একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাবার জন্য জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল,যাতে বাঙালি জাতি কখনই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা খুনী রাজাকারদের পুণর্বাসন করেছিল আর রবীন্দ্রনাথ-নজরুলকে নির্বাসনে পাঠিয়েছিল। তিনি বলেন,খালেদা জিয়া তাদেরই পথ অনুসরণ করে জঙ্গিসঙ্গ ত্যাগ করতে পারছেন না। তিনি শোধরাননি,মাফও চাননি। এদের হাত থেকে দেশরক্ষায় আর কোনো রাজাকার সমর্থিত সরকার আসতে দেয়া যাবে না। একবার মুক্তিযোদ্ধা, আরেকবার রাজাকারের সরকার-রাজনীতির এই চেয়ার বদল খেলা এবারেই চিরতরে বন্ধ করতে হবে।