News71.com
 Bangladesh
 20 Oct 17, 11:25 AM
 259           
 0
 20 Oct 17, 11:25 AM

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে চার বিভাগে ভারী বর্ষণ, বন্দরে ৩ নম্বর সংকেত।।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে চার বিভাগে ভারী বর্ষণ, বন্দরে ৩ নম্বর সংকেত।।

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চার বিভাগে অতি‍ভারী বর্ষণ শুরু হয়েছে । গতকাল থেকে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আজ ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে থেমে থেমে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । এ প্রসঙ্গে জানতে চাইলে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক নিউজ৭১ কে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া বিভাগের বুলেটিনে বলা হয়েছে “নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি. মি.। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলেছে আবহাওয়া অধিদফতর। তা ছাড়াও আজ শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহে স্থানভেদে ১ ও ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণপূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি. মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্রে একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন