
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতি ভেঙে বর্তমান সরকারকে বেকায়দায়দায় ফেলতে পাকিস্তানের ষড়যন্ত্রে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর আক্রমণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীর সন্নাসীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে সোলার ল্যাম্প বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার যখন এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্তান দেখল- বাংলাদেশকে আর ঠেকানো গেল না। মিয়ানমারের নানান মহলের সঙ্গে তাদের সম্পর্ক আছে। তাদের প্রত্যক্ষ মদদেই হঠাৎ এক রাতে সেনারা রোহিঙ্গাদের ওপর আক্রমণ করল। রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে এল।
আওয়ামী লীগের সিনিয়র নেতা মতিয়া চৌধুরী বলেন এখন পর্যন্ত প্রায় দশ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছে। তারা ভেবেছিল, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং আমাদের দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়বে । কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে ও নির্দেশনায় বাংলাদেশে এর কোন কু্পরভাবই পড়েনি । তিনি দৃঢ়তার সাথে বলেন আমাদের অর্থনীতিকে তারা মোটেও নষ্ট করতে পারবে না। আমাদের সাময়িক কিছু অসুবিধা হতে পারে, সে অসুবিধাগুলো আমরা কাটিয়ে উঠছি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার মাতা। বিদেশী সংবাদ মাধ্যম তাকে মাদার অব হিউমেনিটি উপাধিতে ভূষিত হয়েছেন। রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক নয়, তারা মিয়ানমারের অধিবাসী। তাদের ওপর নির্যাতন হয়েছে, তারা বাংলাদেশে সাময়িক আশ্রয়ের জন্য এসেছে। আমরা যেমন একাত্তরে ভারতে আশ্রয় নিয়েছিলাম।