
নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদী কাজে ব্যবহার করতে একটি কুচক্রী মহল তৎপর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দিন,খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ করুন’ শীর্ষক সেমিনারে বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখেই সরকার খাদ্য নিরাপত্তা বলয় তৈরিতে কাজ করে যাচ্ছে। বোরো ফসলের টার্গেট যেখানে ছিল ১ কোটি নব্বই লাখ মেট্রিকটন। হাওর অঞ্চলের ফসল হানি ব্লাস্ট আক্রমণের,অতিবৃষ্টি এবং বিভিন্ন কারণে প্রায় ২০-২৫ লাখ মেট্রিকটন বোরো ফসল নষ্ট হয়েছে। যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিদেশ থেকে চাল আমদানি করেছি।
খাদ্যমন্ত্রী আরো বলেন,আমরা চাই না রোহিঙ্গারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। জঙ্গি তৎপরতায়,সন্ত্রাসী তৎপরতায় তারা জড়িয়ে পড়ুক। যে কোনো মূল্যে তাদের মিয়ানমার ফিরে যেতে হবে। তিনি আর বলেন,রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। আমরা মনে করি একটি কুচক্রী মহল ছাড়া বাংলাদেশের সকল মানুষ আমাদের পক্ষে আছে।