
নিউজ ডেস্কঃ দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আলোচনা করতে আগামীকাল মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাবেন। সোমবার বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেয়ার বিষয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হবে।
এই প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব, বিজিবি, পুলিশ ও অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে শত শত রোহিঙ্গাকে হত্যা করে সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। এছাড়া পুড়িয়ে দেয়া হয় রোহিঙ্গাদের শত শত ঘরবাড়ি। নির্যাতন থেকে বাঁচতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এদের বেশিরভাগই শিশু ও নারী।