News71.com
 Bangladesh
 24 Oct 17, 10:39 AM
 196           
 0
 24 Oct 17, 10:39 AM

বৃহস্পতিবার যানবাহনের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভার।।

বৃহস্পতিবার যানবাহনের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভার।।

নিউজ ডেস্কঃ শেষ পর্যন্ত আগামী বৃহস্পতিবার খুলছে কাঙ্ক্ষিত মগবাজার-মৌচাক-মালিবাগ সমন্বিত ফ্লাইওভার। নির্মাণকাজ শেষে হওয়ার পর কয়েক দফা উদ্বোধনের ঘোষণা দিলেও তা সম্ভব না হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন ফ্লাইওভার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অবশেষে ঘটতে যাচ্ছে তাদের এই হতাশার সমাপ্তি। এদিন দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দীর্ঘ ৬ বছরের অপেক্ষা-দুর্ভোগের অবসান ঘটিয়ে যান চলাচলে পুরোপুরি খুলে যাচ্ছে তিনভাগে নির্মিত ফ্লাইওভারটি।

জানা যায়, এ বছর কয়েক দফায় ফ্লাইওভার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও যথাসময়ে কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। সর্বশেষ চলতি বছর সেপ্টেম্বর মাসের শেষের দিকে উদ্বোধনের কথা ছিলো এ ফ্লাইওভার। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। ফলে সে সময়েও উদ্বোধন সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে এ যাত্রায় আর আশাহতের কোনো সম্ভাবনা নেই বলে জানালেন ৮ দশমিক ২৫ কিলোমিটারের এ ফ্লাইওভারের প্রকল্প পরিচালক সুশান্ত কুমার পাল।

রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ-শান্তিনগর ও তেজগাঁওয়ের যানজট নিরসন ও অবাধ যান চলাচল নিশ্চিত করতে ২০১১ সালে মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি গ্রহণ করে সরকার। পরে ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। এর পরে ধাপে ধাপে নকশা পরিবর্তন ও নির্মাণ ব্যয় বাড়তে থাকে এ প্রকল্পের । প্রথমে ২০১৪ সালের মধ্যে এ ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় ধাপে ধাপে মেয়াদও বাড়তে থাকে প্রকল্পের। এখন সবশেষে সম্পূর্ণরূপে আগামী বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে এ ফ্লাইওভার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন