
নিউজ ডেস্কঃ নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে বিএনপি মহাসচিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০১৩ সালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় ৩টি নাশকতার মামলা দায়ের করে পুলিশ। এসব মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আজ এ আদেশ দেন।এর আগে মির্জা ফখরুলের বিরুদ্ধে ২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগে বাসে বোমা নিক্ষেপ করার ঘটনায় দায়ের করা এক হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।