
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মঙ্গলবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) নির্মাণে ১৬ হাজার ৯০১ দশমিক ৩২ কোটি টাকা অনুমোদন দিয়েছে। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোর যানজট লাঘবের জন্য ২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়ক নির্মাণ করা হবে। একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নগরীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের সপ্তম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বলেন,আজ একনেক ৩৪ হাজার ৫৬৭ দশমিক ৩৪ কোটি টাকা ব্যয়ে মোট পাঁচটি প্রকল্পকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে ১২ হাজার ৪০২ দশমিক ৬৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে অবশিষ্ট ২২ হাজার ১৬৪ দশমিক ৬৯ কোটি টাকা আসবে। সভায় ১৩ হাজার ৬১০ দশমিক ৪৭ কোটি টাকা ব্যয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম ধাপের অনুমোদন দেওয়া হয়। ২০২২ সালের জুন মাস নাগাদ সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ (কাব) প্রথম ধাপের এ কাজটি সম্পন্ন করবে।
মোট ব্যয়ের ২ হাজার ৩৯৫ দশমিক ৬৯ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং অবশিষ্ট ১১ হাজার ২১৪ দশমিক ৭৮ কোটি টাকা দেবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন,২৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি শুরু হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নবীনগর মোড় (সংযোগ সড়ক), আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল ও ইপিজেড হয়ে চন্দ্রার মোড় (সংযোগ সড়ক) পর্যন্ত।