News71.com
 Bangladesh
 24 Oct 17, 10:19 AM
 194           
 0
 24 Oct 17, 10:19 AM

গর্ভবতী নারী,কিশোরী ও নবজাতক শিশু খাতে ২০ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ।।  

গর্ভবতী নারী,কিশোরী ও নবজাতক শিশু খাতে ২০ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ।।   

নিউজ ডেস্কঃ গর্ভবতী নারী,কিশোরী ও নবজাতক শিশুর পুষ্টিবিষয়ক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে শুরু হলো ‘রাইট স্টার্ট ইনিশিয়েটিভ’। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে এ উদ্যোগের উদ্বোধনী ঘোষণা করা হয়। নিউট্রিশন ইন্টারন্যাশনাল (সাবেক মাউক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ) ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) যৌথভাবে এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। রাইট স্টার্ট ইনিশিয়েটিভের এ উদ্যোগে ২০২০ সাল পর্যন্ত ২০ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হবে। পাঁচ বছর মেয়াদি এ উদ্যোগের আওতায় এনিমিয়া বা রক্তশূন্যতা রোগ কমানো,গর্ভাবস্থায় ও প্রসবকালীন সময়ে নারীর জটিলতা কমানোতে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আইপিএইচএন পরিচালক এ বি এম মুজহারুল ইসলাম বলেন,এই কার্যক্রমে দেশের ২৬ লাখ নারী ও শিশুকে একটি সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে চাল দেওয়া হবে। এই চাল আয়রন, ফলিক অ্যাসিড এবং অন্যান্য মাইক্রোনিট্রিয়েন্টস-সমৃদ্ধ,যা তাঁদের রক্তস্বল্পতা ও পুষ্টি নিশ্চয়তাসহ নবজাতক ও শিশুর পুষ্টিতে কাজ করবে।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাল্যবিবাহের কারণে অল্প বয়সেই বাচ্চা নিতে হয় মেয়েদের। তাতে নবজাতক ও মা উভয়েই অপুষ্টিতে ভোগে। সরকার বাল্যবিবাহ কমানোর চেষ্টা করছে। আর দেশের নারী ও শিশুরা যদি পুষ্টি পায়,তাহলে তাদের আর বিভিন্ন রোগের মুখোমুখি হতে হবে না।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন,যদি কিশোরী অপুষ্টিতে ভোগে এবং সে গর্ভবতী হয়ে যায়,তো সেই মায়ের শিশুও অপুষ্টিতে ভুগবে। দেশের মানুষের পুষ্টি নিয়ে আমরা সন্তুষ্ট নই। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের বলেন,মা ও শিশুর পুষ্টিবিষয়ক সমস্যাটি এখনো প্রকট। উন্নত দেশে পরিণত হতে হলে পুষ্টিহীনতার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর গর্ভাবস্থায় মা ও শিশুর যত্ন জাতির জন্য আরও প্রয়োজন।

দেশের নারী ও শিশুর পুষ্টি পরিস্থিতি তুলে ধরেন পুষ্টিবিদ জেবা মাহমুদ। তিনি বলেন,দেশে শিশুমৃত্যুর হার ক্রমশই কমে আসছে। তবে প্রতি পাঁচজন নারীর একজন অপুষ্টিতে ভুগছেন। আর তিনটি শিশুর মধ্যে একটি শিশুর উচ্চতা যা হওয়ার কথা,তার চেয়ে কম আছে। কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট প্রেফন্টেইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাজী মোস্তফা সারওয়ার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের এ দেশীয় প্রতিনিধি জাকী হাসান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন