
নিউজ ডেস্কঃ সাম্রাজ্যবাদ ও মৌলবাদ দু’ই মানবসভ্যতার শত্রু। এ দু’য়ের আপাত-দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে উঠেছে,তাতে এ দু’য়ের কোনো পক্ষকেই সমর্থন করার কোনো যৌক্তিকতা নেই। দু’ই সুস্থ ও সুষ্ঠু মানববিকাশের পথের প্রতিবন্ধক। সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে মহান ‘অক্টোবর বিপ্লব : ফিরে দেখা ও সামনে তাকানো’ শীর্ষক মূল প্রবন্ধে অধ্যাপক যতীন সরকার এ কথা বলেন। বাংলা একাডেমি আজ বিকেলে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে।
এতে বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সভাপতিত্ব করেন। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হায়াৎ মামুদ ও মফিদুল হক এবং একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান স্বাগত বক্তৃতা করেন। অক্টোবর বিপ্লব: ফিরে দেখা ও সামনে তাকানো শীর্ষক অধ্যাপক যতীন সরকারের লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা ড. মোহাম্মদ তানভীর আহমেদ।
মূল প্রবন্ধে অধ্যাপক যতীন সরকার আরো বলেন,বিশ্বে সাম্রাজ্যবাদী কর্তৃত্বই আজকের সকল বিশ্বসংকটের মূল উৎস। নির্বিচার ভোগবাদ এবং ধর্মতন্ত্রী মৌলবাদ দু’ই একই উৎস থেকে উপজাত। ভোগবাদ আর মৌলবাদ দু’ই মানুষকে কূপমণ্ডুক বানিয়ে রাখে। আবার সন্ত্রাস-নৈরাজ্যেও ইন্ধন জোগায়। ধনতন্ত্রী সাম্রাজ্যবাদের হাতেই সৃষ্ট ও লালিত-পালিত হয়েছে ধর্মতন্ত্রী মৌলবাদ। তিনি বলেন,এ দু’য়ের বিরুদ্ধেই আমাদের আজকের লড়াই। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবার্ষিকীতে সে-লড়াইয়ের পথ ও পদ্ধতির সন্ধান করতে হবে।