
নিউজ ডেস্কঃ তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে হ্যাট্রিক জয় করবে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।তৃণমূলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু কোন অন্তঃকোন্দল থাকা চলবে না। দলের স্বার্থে, নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে নির্বাচনে মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আনতে হবে। এজন্য মানুষের কাছে যেতে হবে। ভোট বাড়াতে হবে। এ দায়িত্ব তৃণমূল আওয়ামী লীগকেই নিতে হবে।
এনামুল হক শামীম আরও বলেন, আগামী নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে বিএনপি তৎপর হয়ে উঠেছে। তাই দলটির শীর্ষ নেতারা বলছেন, আওয়ামী লীগ নাকি ২৫টি আসন পাবে না। কিন্তু বিএনপির বন্ধুদের বলতে চাই, বাংলার গণমানুষের দল আওয়ামী লীগকে নিয়ে আপনারা যে ভবিষৎ বাণী করেন, তার উল্টো হয়।বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছিলেন, প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলীয় নেত্রীও হতে পারবে না। আর ৩০টির বেশি আসন পাবে না। এই বাণী উল্টো হয়েছিল।২০০৮ সালে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। সে কারণে বলছি, আমরা কতটি আসন পাব না পাব সেটা নির্ধারণ করবে দেশের জনগণ। আপনারা নির্বাচনে আসুন, ষড়যন্ত্র করবেন না।