
নিউজ ডেস্কঃ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জন পড়ুয়া শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। ইউজিসির পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরিত পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।এছাড়া ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ করা হয়েছে । এবার পদকপ্রাপ্তদের মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গাজীপুর-এর ছয় শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে নিউজ৭১কে জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত 'প্রধানমন্ত্রীর স্বর্ণপদক'২০১৫ ও ২০১৬ সালের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের ৬ জন কৃতি শিক্ষার্থীকে মনোনীত করেছে ইউজিসি ।
ইউজিসির তথ্য অনুযায়ী,২০১৫ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন পুরকৌশল বিভাগের মো. সুমন মিয়া,যন্ত্রকৌশল বিভাগের মো. মনির হোসেন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের জনি বড়ুয়া। এ ছাড়া ২০১৬ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-পুরকৌশল বিভাগের মো. আরিফুল ইসলাম,ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তৌহিদুজ্জামান এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মর্তুজা হোসেন।উল্লেখ্য প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৬৪ জনকে বাছাই করা হয়েছে।ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরিত পত্রে এই তথ্য জানানো হয়।