
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ১২টি রেল সংযোগ ফের চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল শুক্রবার সন্ধ্যায় আগরতলায় রোটারি ক্লাবের ‘সেতুবন্ধন’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উভয় দেশের রোটারি মাল্টি জেলার প্রায় আটশতাধিক প্রতিনিধ নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হয়। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক বলেন,আমরা চাই যে ভারতভাগের পূর্বে যে রেল লাইনের অস্তিত্ব ছিল সেগুলিকে পুনরায় চালু করা। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ১২টি রেলওয়ে সংযোগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য দুই দেশের সরকারই একে অপরকে সহায়তা করছে। ভারতভাগের আগে দুই দেশের মধ্যে যে ১২টি রেলওয়ে সংযোগ ছিল তার মধ্যে আখাউড়ার সঙ্গে রেল সংযোগ অন্যতম।আগরতলা-আখাউড়ার রেল লাইনের ভারতীয় অংশের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অংশেও কাজ শুরু হবে। এজন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার প্রকল্পের জন্য অর্থও পেয়েছে।
বাংলাদেশের রেলমন্ত্রী জানান,ভারতীয় অর্থায়নে ব্রাম্মণবেড়িয়া জেলায় তিতাস ও ভৈরব নদীর ওপর দ্বিতীয় রেলসেতু নির্মিত হয়েছে। এই সেতু আগামী কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। তিনি আরও জানান ‘বর্তমানে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ‘মৈত্রী এক্সপ্রেস’ট্রেন চালু আছে। আগামী মাসে খুলনা থেকে কলকাতার মধ্যে ‘বন্ধন এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালুর কথা রয়েছে। পাশাপাশি রাজশাহী-কলকাতার মধ্যে ট্রেন চালানোর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাব রয়েছে বলেও জানান রেলমন্ত্রী।