
নিউজ ডেস্কঃ ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন শতাধিক প্রার্থী। তাঁরা বলছেন,পরীক্ষা ভালো হওয়ার পরও ফলাফলে তাঁদের রোল আসেনি। লিখিত পরীক্ষার ফলাফলে কোনো কারিগরি ত্রুটি বা অসংগতি রয়েছে কি না,তা খতিয়ে দেখতে এসব প্রার্থী সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আবেদন করেছেন। গত বুধবার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বেরোয়। এতে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। এই বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। প্রায় পাঁচ মাস ফলাফলের অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করা এক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,৩৬তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেয়েছি। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষাও খুব ভালো হয়েছে। ভেবেছিলাম উত্তীর্ণ হব। কিন্তু প্রকাশিত ফলাফলে আমার রোল নেই,মানতে পারছি না। পিএসসিতে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছি কেবল তাঁরা নন,৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন শতাধিক প্রার্থী। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এমন অন্তত ১৫ জন প্রার্থীর সঙ্গে কথা হয়। তাঁদের দাবি,ফলাফল প্রকাশে কোনো ভুল হয়েছে। নয়তো তাঁদের ফেল করার কথা নয়।
লিখিত পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য গত বৃহস্পতিবার ১১৯ জন প্রার্থী সম্মিলিতভাবে পিএসসিতে আবেদন জমা দিয়েছেন। আবেদনে বলা হয়,রাজধানী উচ্চবিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস কেন্দ্রে সমানসংখ্যক পরীক্ষার্থী ছিলেন। কিন্তু রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পাসের হার ৪০ আর গ্লাস অ্যান্ড সিরামিকস কেন্দ্রে পাসের হার ৬৮ শতাংশ। এমন বেশ কিছু বিষয়ের কারণে আবেদনকারীদের ধারণা,প্রকাশিত ফলাফলে অসংগতি রয়েছে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন,কমিশনের কমিটির সভায় আবেদনের বিষয়টি তোলা হবে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।