
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পুলিশের সেবা কাযক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশকে বৃটিশ আমলের ধ্যান-ধারণা থেকে বের হয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের সহায়তায় পুলিশকে সমাজ থেকে অপরাধ দূর করতে হবে। আমির হোসেন আমু আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।ছেলে মেয়েদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করে আমির হোসেন আমু বলেন, পরিবারের সন্তানরা যাতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের দিকে ধাবিত হতে না পারে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন বিশ্বের অর্থনীতিতে ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত হয়েছে।তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। আর এ সাংবিধানিক শূন্যতার সুযোগে দেশে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসত।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ৫ জানুয়ারির পরে সরকার পতন আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে।বিএনপিকে উদ্দেশ্য করে আমু বলেন, তাদের হত্যাকারী বলতে হবে। তারা দেশের শত্রু, সমাজের শত্রু গণতন্ত্রের শত্রু তাদের সঙ্গে আপোস করা যায় না।জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল মন্নান রসুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুব হোসেন। স্বাগত বক্তব্য দেন, ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদেুর রহমান।এর আগে সকাল দশটায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে শিল্পমন্ত্রী এবং পুলিশের বরিশাল র্যাঞ্জের ডিআইজি র্যালিতে অংশ নেন।