
নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিয়ে বলেছেন, দেশ থেকে যে ভাবেই হোক তেঁতুল হুজুর, জঙ্গি-সন্ত্রাসী, জামায়াত ও তাদের পোষণকারীদের চিরতরে উচ্ছেদ করতে হবে।মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটউশন মিলনায়তনে সাম্যবাদী দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জঙ্গি ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের অঙ্গীকার করেছেন বাম রাজনৈতিক দলের নেতারা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে সমাজতন্ত্র। আমরা সমাজতন্ত্রের পক্ষে। সমাজতন্ত্রের বিপক্ষে শাসক ও শোষণকারীরা। সমাজতন্ত্র ছাড়া জীবন চলে না। সংবিধানে চার নীতির মধ্যে সমাজতন্ত্র একটি। ৭৫ এর পর সংবিধান থেকে সমাজতন্ত্র নীতিটি কেটে ফেলা হয়। এখন সংবিধানে সমাজতন্ত্রসহ চার নীতি রয়েছে। আমি বলব, প্রধানমন্ত্রী আপনি সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় আনেন। মুক্তিযোদ্ধাদের চার নীতির মধ্যে সমাজতন্ত্রী নীতিটি অন্যতম।