News71.com
 Bangladesh
 01 Nov 17, 11:01 AM
 157           
 0
 01 Nov 17, 11:01 AM

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করায় পাকিস্তানকে আনুষ্ঠানিক সতর্ক করল বাংলাদেশ।।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করায় পাকিস্তানকে আনুষ্ঠানিক সতর্ক করল বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে পাকিস্তানের অপচেষ্টা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আজ মঙ্গলবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ কথা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক প্রচারের প্রতিবাদে হাইকমিশনারকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান তলব করেন। তলবের পর আজ বেলা তিনটার দিকে পাকিস্তানের হাইকমিশনার মন্ত্রণালয়ে হাজির হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসানের কক্ষে দুজনের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর এ নিয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

পরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন, পাকিস্তানকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন,আমরা হাইকমিশনারকে বলেছি,তাঁর হাইকমিশন যে ভিডিও লিংকটি শেয়ার করেছে সেটা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস তো পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা,সেটা সবাইকে মেনে নিতে হবে। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন খাতে পরিচালিত করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে।

কামরুল আহসান বলেন,পাকিস্তানের হাইকমিশনার তাঁকে জানান যে হাইকমিশন যে ভিডিও লিংকটি শেয়ার করেছিল,সেটি ডিলিট করা হয়েছে। তাঁরা সে জন্য দুঃখপ্রকাশ করেছে। এটাও বলেছে যে,এটি ইচ্ছাকৃত ছিল না। এ সময় সাংবাদিকেরা ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের কাছে জানতে চান—পাকিস্তান হাইকমিশন বলল এটা ইচ্ছাকৃত না;আর বাংলাদেশও মেনে নিল?এর উত্তরে কামরুল আহসান বলেন,আমরা তো মেনে নিইনি। আগেও তারা এমন করেছে। তাদের সতর্ক করেছি। প্রতিবাদ জানিয়েছি। এভাবে চললে যে সম্পর্ক নষ্ট হবে,সেটাও তাদের মনে করিয়ে দিয়েছি। এর সঙ্গে তিনি যোগ করেন,আমরা এ ঘটনার প্রতিবাদ করেছি। তাঁরা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে তা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। এক প্রশ্নের উত্তরে কামরুল আহসান বলেন,ইতিহাস বিকৃতি করে ভিডিও লিংক প্রচারের প্রতিবাদে হাইকমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। তারা ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করবে বলে জানিয়েছে। দেখা যাক কী হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন