
নিউজ ডেস্কঃ আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪০ হাজার করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। আজ বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এদিন মেলায় ১ লাখ ৫৩ হাজার ২৮৭ জন কর সেবা গ্রহণ করেছেন। ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকার আয়কর আহরণ হয়েছে।
রিটার্ন জমা দিয়েছেন ৩৯ লাখ ৩৫১ হাজার করদাতা। ঢাকাসহ ৫০টি জেলা ও সাতটি উপজেলাসহ সারা দেশের ৫৭টি স্পটে বৃহস্পতিবার আয়কর মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেলা। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে বলে জানানো হয়েছে।