
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে দুইদিনের সফরে আজ শুক্রবার বাংলাদেশে এসেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, উদ্বাস্তু এবং অভিবাসন ব্যুরো বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সিমন হেনশো। সফরে তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।এই প্রতিনিধি দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী স্কট বুসবায়, দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী টম ভাজদা এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর অফিস পরিচালক প্যাট্রিসিয়া মহোনি। মিয়ানমার সফর শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।
প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা আরো জোরদার করার বিষয় নিয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দাতাগোষ্ঠী এবং মানবিক সাহায্য প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।রোহিঙ্গারা কেন দেশ ছেড়ে পালিয়ে এসেছে, তারা কি ধরনের মানবিক সহায়তা পাচ্ছে, সাহায্যে কতটা ঘাটতি আছে, সেটি জানতে তারা কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করবেন এবং মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেবেন। সফরে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন।