News71.com
 Bangladesh
 06 Nov 17, 11:01 AM
 1389           
 0
 06 Nov 17, 11:01 AM

মোবাইল কোম্পানিসহ ১০ প্রতিষ্ঠানের সাড়ে ১৩শ’ কোটি টাকা ভ্যাট ফাঁকি

মোবাইল কোম্পানিসহ ১০ প্রতিষ্ঠানের সাড়ে ১৩শ’ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিউজ ডেস্কঃ বিশাল অঙ্কের ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে ১০ বড় কোম্পানির বিরুদ্ধে। এর মধ্যে মোবাইল ফোন সেবাদান কোম্পানি রবি’র বিরুদ্ধেই ৯৩২ কোটি টাকা ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট বিভাগ। এই অর্থ পরিশোধের জন্য আজ রবিবার প্রতিষ্ঠানটির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর বাইরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির (বিটিসিএল) ফাঁকি উদ্ঘাটন হয়েছে ৩৭৯ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ-ভ্যাট বিভাগের সাম্প্রতিক গোয়েন্দা কার্যক্রম ও বিশেষায়িত নিরীক্ষায় এসব ফাঁকি বের হয়েছে। ফাঁকির অভিযোগের তালিকায় রয়েছে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোন ও বাংলালিংক।

এছাড়া নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেড, মীর কনক্রিট প্রোডাক্টস, গ্লোবাল হেভি কেমিক্যালস, প্রিমিয়ার ব্যাংক, মদিনা সিমেন্ট ও এম আই সিমেন্টও রয়েছে তালিকায়। প্রায় সবগুলো প্রতিষ্ঠানের কাছেই ফাঁকির অর্থ পরিশোধের জন্য চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধও জানানো হয়েছে।

এনবিআর সূত্র জানিয়েছে,বড় কোম্পানির আয়কর ও ভ্যাট ফাঁকি ধরতে সম্প্রতি গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে বেশকিছু প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান শুরু হয়েছে। শুরু হয়েছে বিশেষায়িত নিরীক্ষাও। এর ফলেই এসব ফাঁকি উদ্ঘাটন হয়েছে। এলটিইউ-ভ্যাট অফিস সূত্র জানিয়েছে, কারিগরি, তথ্য-প্রযুক্তিজ্ঞানে অভিজ্ঞ ও আইনগত বিষয়ে পারদর্শী এনবিআরের অপেক্ষাকৃত চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করছে এলটিইউ-ভ্যাট অফিস।

বিশেষায়িত নিরীক্ষার অংশ হিসেবে,প্রতিষ্ঠানের আমদানির তথ্য যাচাই,ব্যাংক হিসাব বিবরণী,ডিলারের সঙ্গে লেনদেনের তথ্য যাচাই,কোন দরে বিক্রি হচ্ছে আর কোন দরে ভ্যাট অফিসকে দেখানো হচ্ছে,কাঁচামাল কোথা থেকে আসে কিংবা যথাযথভাবে লিপিবদ্ধ হচ্ছে কিনা- এসবের সঙ্গে এনবিআরের প্রতিমাসে দাখিল হওয়া রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হয়। কিছু ক্ষেত্রে আকস্মিক উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের কাছে রক্ষিত কাগজপত্র পর্যালোচনা করা হয়। নিরীক্ষা তদন্ত কার্যক্রমের মঙ্গে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ইত্তেফাককে বলেন,আগামীতে এ ধরনের অভিযান আরো পরিচালনা করা হবে। এর মাধ্যমে বড় অঙ্কের ফাঁকিও বের হয়ে আসবে বলে আশা করছেন তারা।

সাম্প্রতিক বছরগুলোতে কর্পোরেট কোম্পানিগুলোর বড় অঙ্কের ভ্যাট ফাঁকি ধরা পড়ছে। এর মধ্যে মোবাইল ফোন কোম্পানির ফাঁকি আলোচনার শীর্ষে উঠে এসেছে। বিশেষত মোবাইলের সিম বদলের আড়ালে নতুন সিম বিক্রির মাধ্যমে চারটি মোবাইল ফোন কোম্পানির দুই হাজার কোটি টাকার বেশি ফাঁকির অভিযোগ বহুল আলোচিত। এর বাইরে আরো নানা উপায়ে মোবাইল ফোন কোম্পানির ভ্যাট ফাঁকির বেশ কিছু তথ্য উদ্ঘাটিত হয়েছে। একই প্রক্রিয়ায় বিশাল অঙ্কের আয়কর ফাঁকির অভিযোগও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন