News71.com
 Bangladesh
 07 Nov 17, 07:01 AM
 170           
 0
 07 Nov 17, 07:01 AM

কুয়াশাচ্ছন্ন রূপবতী বাংলার প্রকৃতিই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।।

কুয়াশাচ্ছন্ন রূপবতী বাংলার প্রকৃতিই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।।

নিউজ ডেস্কঃ হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। গাছের ঝরাপাতা,শিশির ভেজা ঘাস কিংবা কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। সেই সাথে উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের এই আগমনী বার্তা। শীত আনন্দের ঋতু হলেও গ্রাম-বাংলার দারিদ্র্য জীবনে অনেকটা বেদনার।কেননা ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট।চোখের দৃষ্টিতে সব কিছু যেন ঝাপসা লাগে।হাড়কাপুনি শীতের মাঝেও সেই পাখি ডাকা সকাল থেকে জীবনের দৈনন্দিন কাজ শুরু করতে হয়।

কুয়াশা স্নাত শীতের সকালে আড়মোড়া কাটিয়ে দেখা যায় পূব আকাশে সূর্যি মামা মিষ্টি সোনালী উষ্ণ আলোর পরশ নিয়ে উকি দিচ্ছেন।বাতাসে হিমের ছোঁয়া। সবুজ ঘাসের বুকে শিশির ফোঁটা— মধ্য-কার্তিকেই জানান দিচ্ছে, দুয়ারে শীত। শহরের জীবনে শীতের আমেজতা একটু দেরিতে এলেও প্রকৃতির অপরূপ লীলাভূমি গ্রামগঞ্জে আগেই পাওয়া যায় শীতের উপস্থিতি।রাতে হাল্কা হিমেল হাওয়া আর ভোরের আলো ফোটার সাথে সাথে ক্ষেত-খামারে সবজি পরিচর্যা এবং পিঠা-পুলি তৈরির আয়োজনই বলে দিচ্ছে- শীতের আগমনী বার্তা। এরই মধ্যে অনেকেই শীতবস্ত্র বের করে রোদে দিচ্ছেন। গায়েও চাপাচ্ছেন কেউ কেউ। বিত্তবানদের কাছে শীত উপভোগের হলেও খেটে খাওয়া দরিদ্র মানুষের কাছে শীত এখনো বেদনার ঋতু।

আবার এ সময়ে দেখা যায়, দিনে গরম আর রাতে তাপমাত্রা কমে শীতের অনুভূতির কারণে শিশু ও বৃদ্ধদের মাঝে দেখা দিচ্ছে নানা রোগ-ব্যাধি। আবহাওয়ার এ পরিবর্তনে শিশু ও বৃদ্ধদের সর্দি-কাশি-জ্বর, পেটের পীড়া, শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে রক্ষা পেতে সাবধানে থাকার পরামর্শ চিকিৎসকদের। আনন্দ বেদনা, সুখ দুঃখ সবকিছুর মাঝেও শীত অনাবিল আনন্দ আর উপভোগের হয়ে উঠুক- এটাই কামনা সবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন