
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পাচারের আগেই বেশকিছু অত্যাধুনিক অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ১৫ টি তাজা গুলি। গতকাল বুধবার গভীর রাতে ভারত-বাংলাদেশ আন্তজাতিক সীমান্তের খুব কাছে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে এই অস্ত্র উদ্ধার করে বিএসএফ। এরপরই তা কালিয়াচক থানার পুলিশের হাতে তা তুলে দেওয়া হয়। গতকাল বুধবার বিএসএফ এর শীর্ষ কর্মকর্তা জানান, সীমান্ত বরাবর চুরিয়ান্তপুর চৌকিতে কর্মরত বিএসএফ’এর ২৪ ব্যাটলিয়নের সদস্যদের কাছে খবর আসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে। এরপরই রাতে সীমান্তে ওঁৎ পাতে বিএসএফের একটি বিশেষ দল। এরপর গতকাল বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বাহিনীর সদস্যরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের উভয় পাড়েই কিছু গতিবিধি লক্ষ্য করেন। এরপরই বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ জানালে অন্ধকার, কাদা ভর্তি মাঠের সুযোগ নিয়ে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায় ওই ভারতীয়।
বিএসএফের ওই কর্মকর্তা আরও জানান, এরপর ওই জায়গায় অভিযান চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করা হয়, তার ভিতর থেকেই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া পিস্তলগুলি খুবই আধুনিক ও উন্নতমানের হলেও সেগুলি পশ্চিমবঙ্গ বা পাশের রাজ্য বিহার বা ঝাড়খন্ডের কোন অবৈধ অস্ত্র কারখানায় সেগুলি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে বলে তিনি জানান।