News71.com
 Bangladesh
 09 Nov 17, 07:41 AM
 170           
 0
 09 Nov 17, 07:41 AM

বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।।রাষ্ট্রপতি আবদুল হামিদ  

বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।।রাষ্ট্রপতি আবদুল হামিদ   

নিউজ ডেস্কঃ নূর হোসেনের মতো সকল সাহসী মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শহীদ নূর হোসেন দিবস’উপলক্ষে আজ বৃহস্পতিবার এক বাণীতে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন,১০ নভেম্বর,শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনে শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে।

আবদুল হামিদ বলেন,বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে এ দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা রুদ্ধ হয়। উত্থান ঘটে স্বৈরশাসনের। রাষ্ট্রপতি বলেন,১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক নূর হোসেন ‘স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক’এই স্লোগান শরীরে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তার আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন