
নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদার সাথে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রের পাশাপাশি যুবলীগের সারা দেশের সকল শাখা বিভিন্ন কর্মসুচি পালন করে । বিদেশের বিভিন্ন ইউনিটও তাদের সাধ্যমত কর্মসুচি পালন করেছে বলে খবর পাওয়া গেছে । ঢাকায় এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে ধনমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী,শহীদ সেনিয়াবাদ, মাহববুর রহমান হিরণ,আতাউর রহমান আতা ও আব্দুস ছাত্তার মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি ও সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও আসাদুল হক আসাদ,দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময়ে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা। স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় যুব শক্তিকে সম্পৃক্ত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুব আন্দোলনের পথিকৃৎ শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে ১৯৭২ সালে ১১ নভেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে পতিষ্ঠিত হয় আওয়ামী যুবলীগ।