
নিউজ ডেস্কঃ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৬৯তম জন্মদিন। ১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। নব্বই দশকের মাঝামাঝি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরোপুরি মনোযোগ দেন। উপন্যাস, নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনি, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক একুশে পদক’ লাভ করেন।গাজীপুরের নূহাশ পল্লীতে লেখকের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয় । এর মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে কেক কাটা, পুরো নূহাশ পল্লীকে আলোকসজ্জায় সজ্জিতকরণ ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
হুমায়ূন আহমেদের শরীরে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিত্সার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সেখানে ২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে সমাহিত করা হয়েছে তাঁরই গড়ে তোলা নন্দনকানন নূহাশ পল্লীর লিচুতলায়।হুমায়ূন আহমেদের লেখা অন্যতম উপন্যাসগুলো হলো নন্দিত নরকে,মধ্যাহ্ন,জোছনা ও জননীর গল্প,মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর লেখা উপন্যাসের জনপ্রিয় চারটি চরিত্র হলো হিমু, রুপা, মিসির আলী ও শুভ্র।হুমায়ূন আহমেদ নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আগুনের পরশমণি,দুই দুয়ারী,শ্রাবণ মেঘের দিন’শ্যামল ছায়া,চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’ ইত্যাদি। তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘এইসব দিনরাত্রি,অয়োময়,কোথাও কেউ নেই,নক্ষত্রের রাত, আজ রবিবার ইত্যাদি।