
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর পরিচয়পত্র’বা কর কার্ড গ্রহণ করেছেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে কর কার্ড তুলে দেন। বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন,প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিত আয়কর প্রদান করে একটি অনুকরণী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য এনবিআর একটি স্বীকৃতিফলক তৈরি করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।