
নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার আব্দুল হালিম নামের এক যুবককে ইরাকে অপহরণ করে বাংলাদেশে তাঁর পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। গত বুধবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছে তাঁর পরিবার। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির সদস্যদের। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করা হয়েছে। অপহৃত হালিম উপজেলার হরিপুর গ্রামের নুর আহাম্মদের ছেলে। হালিমের পরিবারের অভিযোগ, গত ২ নভেম্বর হালিমকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাগদাদ থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে অপহরণ করা হয় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গুনিপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মমিনুল ইসলামকেও। কতিপয় বাংলাদেশি সন্ত্রাসী তাঁদের অপহরণ করে। সন্ত্রাসীরা গত ১২ নভেম্বর এই দুই যুবকের ওপর নির্যাতন চালিয়ে তাঁদের ছবি ইমোর মাধ্যমে বাংলাদেশে স্বজনদের দেখায় এবং ছয় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
হালিমের মামাতো ভাই ওবায়দুন নুর জানান, অপহরণকারীদের দেওয়া তথ্য মতে তিনি গত ১২ নভেম্বর টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যান। সেখানে সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ফাঁদ পেতে বিজয়নগর এলাকার একটি নির্জন স্থানে গিয়ে সুমন ওরফে টাইগার সুমন নামের একজনকে আটক করে। এ সময় সুমনের আটকের খবর পেয়ে ইরাকে সন্ত্রাসীরা টাঙ্গাইলের মমিনুলকে ছেড়ে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান,১৩ নভেম্বর মমিনুল মুক্ত হওয়ার পর টাঙ্গাইলে তাঁর বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে তিনি জেনেছেন। কিন্তু ছাগলনাইয়ার হালিমের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। ওসি বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে। যথাযথ তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হালিমের ভাগ্যে কী ঘটেছে,তা কেউ বলতে পারছে না। দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সবাই। বাড়িতে বৃদ্ধ বাবা নুর আহাম্মদ,মা হোসনে আরা,স্ত্রী শিরিন আক্তার ও একমাত্র ছেলে ওমর ফারুকের কান্না যেন থামতে চাইছে না। স্বজনরা জানায়,দেড় বছর আগে জীবিকার তাগিদে ইরাক পাড়ি জমান হালিম। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন তিনি।