
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ লাভ করলেও পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, পাকিস্তানের তোসামোদকারী-চাটুকার-প্রেতাত্মারা আর যেন ইতিহাস বিকৃতির সুযোগ না পায়, সেজন্য সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত হতে হবে।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। নাগরিক সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। প্রধানমন্ত্রী বলেন, যে বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে তার জীবনের সোনালী সময় কারাগারের অন্তরালে কাটিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির ২৩ বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তার ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়।
ইতিহাস বিকৃতির জন্য পাকিস্তানের এ দেশীয় দোসরদের অভিযুক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ওই পাকিস্তানের খোশামোদী, তোসামোদী, চাটুকার-প্রেতাত্মারা ৭ মার্চের ভাষণ পর্যন্ত মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পর একটা সময় এই ভাষণ পর্যন্ত বাজানো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু মুজিব সৈনিকেরা শত নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও এই ভাষণ বাজাতে থাকেন, এই ভাষণকে বাঁচিয়ে রাখেন।
‘সেই ইতিহাস চাইলেও তারা মুছে ফেলতে পারেনি। ইতিহাস মুছে ফেলা যায় না। এখন এই ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু যারা এই ভাষণ মুছে ফেলতে চেয়েছিল, তাদের কি এখন লজ্জা হয় না?’ নাগরিক সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কোর এই স্বীকৃতি শুধু স্বীকৃতি নয়। ইতিহাসও যে প্রতিশোধ নেয় তার প্রমাণ। ইতিহাস ঠিকই তার সত্য অবস্থান করে নেয়। শুধু বাংলাদেশ নয়, আজ পুরো বাঙালি জাতি, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদেরা, সবাই সম্মানিত হয়েছে। তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাকিস্তানের চাটুকার-প্রেতাত্মারা যেন আর ইতিহাস বিকৃতির সুযোগ না পায়, সেজন্য সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত হতে হবে।
আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন দ্রুতগতিতে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি যে ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের এখন আর দ্বারে দ্বারে ঘুরতে হয় না। অথচ তারা বাঙালিকে গোলামির জাতিতে পরিণত করতে চেয়েছিল। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। কারণ আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি, আর তারা পরাজিত শক্তি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।