
নিউজ ডেস্কঃ নিজেদের তাগিদেই রোহিঙ্গা সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাইছেন প্রতিবেশী দুই পরাশক্তি ভারত ও চীন। সরাসরি কোন ভুমিকা না রাখলেও সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ভারত । ইতিমধ্যই ভারতের একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি মায়ানমার সফর করে বাংলাদশের সাথে আলাপ আলোচনা করে সংকট মোকাবেলায় চাপ সৃ্ষ্টি করেছেন বলে জানাগেছে। আর গতকাল বাংলাদেশ সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপে সহযোগিতা করতে আগ্রহের কথা জানিয়েছেন। ফলে সময়ের সাথে এটা স্পষ্ট হচ্ছে ভারত ও চীন আন্তর্জাতিক ফোরামে প্রকাশ্য যাই বলুক তারা দ্রুত এই সংকট থেকে বেরিয়ে আসতে চাইছে।বিশ্লষকরা মনে করেন প্রতিবেশী বৃহৎ দুটি দেশই মায়ানমারে তাদের বিপুল পরিমান বিনিয়োগের কথা মাথায় রেখেই কৌশলী ভুমিকা নিচ্ছে ।
জানাগেছে রোহিঙ্গা সংকট দিনে দিনে আরও ঘনিভূত হচ্ছে । এরই মধ্যে জাতিসংঘ একাধিক শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছে । মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার রসন গত ১৫ নভেম্বর মায়ানমার সফর করে দেশটির সেনা প্রধানসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে মার্কিন সরকারের কঠোর মনোভাবের কথাও জানিয়ে এসেছেন । এছাড়াও গতকাল মার্কিন দুই সিনেটরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। দেশে ফিরে তারা বিষয়টি মার্কিন কংগ্রেসে তুলে ধরবেন বলে জানিয়েছন । তবে তার আগে তারা মায়ানমার সফর করবেন বলে জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন বঙ্গোপসাগের এই উপকুল এলাকাকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক আগে থেকেই একটা সেনা ঘাঁটি করার পরিকল্পনা রয়েছে । মুলত তারা এখানে ঘাঁটি তৈরী করে চীন ও ভারত উভয় দেশকেই চাপে রাখতে চায় ।তাই রোহিঙ্গা সংকটের সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যাশা পুরনে ব্যাস্ত মার্কিন কতৃপক্ষ এমনটাই ধারনা করছেন বিশেষজ্ঞ মহলের ।
সময় যত যাচ্ছে পরিস্থিতি ততটাই ঘোলাটে হয়ে আসছে এটা সহজেই অনুমেয় । মায়ানমার যে পরিস্থিতি বুঝতে পারছে না এটাও এখন আর বলা যাচ্ছে না । গত ১৩নভেম্বর মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি রোহিঙ্গা নাগরিকদের নিরাপদে রাখাইনে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর ৩১তম সম্মেলনের প্লেনারি অধিবেশনে এই প্রতিশ্রতির কথা জানান সু চি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। এছাড়াও গতকাল রাশিয়ার রাজধানী মস্কোতে একটি আন্তর্জাতিক সন্মেলন যোগদিতে গিয়ে মায়ানমারের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে জানিয়েছেন তার দেশে রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুতি শুরু করেছে।
তাই মায়ানমারকে খুশী রাখার জন্য চীন যতই জাতিসংঘে তাদের পক্ষ নিয়ে ভেটো প্রয়োগ করুক আর ভারত যতই নিরব থাকুকনা কেন ভেতরে ভেতরে এই দুই দেশ যে এখানে কোন প্রকার বাইরের শক্তির অনুপ্রবেশ ভালভাবে নিচ্ছে না এটা স্পষ্ট। এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের বিশেষ দুত হিসেবে মায়ানমার সফরে যান ভারতের প্রাক্তন ‘র’ প্রধান রাজেন্দর খান্না। তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে রোহিঙ্গা ইস্যুতে সৃষ্ট বৈশ্বিক রাজনীতি ও মায়ানমারে বিদেশী শক্তির আগ্রাসনের সম্ভবনা সম্পর্কে অবহিত করেন। মুলত এই আলোচনা থেকেই মায়ানমার নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেওয়ার।
আর গতকাল শনিবার সন্ধ্যায় সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপে সহযোগিতা করতে তাঁর দেশের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপে সহযোগিতা করতে আগ্রহী।’ চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অথচ এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, যা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে।
সব মিলিয়ে প্রচন্ড আন্তর্জাতিক চাপে মিয়ানমার সরকার ও তাদের ক্ষমতাধর সেনাবাহিনী । সেই তুলনায় রোহিঙ্গা ইস্যুতে আভ্যন্তরীন কিছুটা সংকট থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি গোটা বাংলাদেশের জনগন এই ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে শেখ হাসিনা । এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপই বিশ্বনন্দিত হয়েছে । আন্তর্জাতিক গনমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার এই প্রসংশনীয় কাজের জন্য ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব দিয়েছেন । এমত পরিস্থিতিতে যদি মিয়ানমারের নেত্রী অং সাং সুচি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে আলোচনার প্রস্তাব দেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না ।বরং এমনটাই প্রত্যাশিত।