
নিউজ ডেস্কঃ মেডিক্যাল ভিসা ছাড়া ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করা হয়েছে। যে কারণে অনেক বাংলাদেশি রোগী হয়রানির শিকার হচ্ছেন। এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রবিবার বিকালে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এ সংক্রান্ত সম্পুরক প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
তিনি বলেন, বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী ভারতে চিকিৎসা সেবা নিতে যান। কিন্তু বর্তমানে ভারত সরকার মেডিক্যাল ভিসা ছাড়া বিদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করেছে। এমনকি সেখানকার হাসপাতালগুলোতে সংসদ সদস্যদের কাছেও মেডিক্যাল ভিসা দেখাতে বলা হচ্ছে। ফলে অনেকেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি হয়রানিরও শিকার হচ্ছে। এই সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেওয়া হবে কিনা?
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন,ভারত আমাদের বন্ধু দেশ। মহান মুক্তিযুদ্ধে তাদের বড় ধরণের অবদান রয়েছে। সেখানে এমপিদের কূটনৈতিক ভিসা নিয়ে গেলে চিকিৎসা সেবা পেতে কোন বাধা থাকার কথা নয়। আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ঢাকায় ভারতীয় হাই কমিশন থেকে মেডিক্যাল ভিসা পেতে কোন সমস্যা হওয়ার কথা নয়।তিনি আরো বলেন, ভারতে গিয়ে চিকিৎসা সেবা পেতে সমস্যা হচ্ছে,বিষয়টি আমার জানা নেই। সংসদ সদস্য যেহেতু বিষয়টি উত্থাপন করেছেন,সেহেতু বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিয়ে দেখবো। কোন সমস্যা থাকলে, তা ভারতীয় হাই কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।