
নিউজ ডেস্কঃ ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সাজ্জাদ ওরফে শামস ওরফে আরাফাতের (২৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন এই আদেশ দেন। আসামি সাজ্জাদকে গতকাল সাভারের আমিনবাজারের বরদেশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) অপারেশন শাখার সদস্য। তাঁর প্রকৃত নাম মো. আরাফাত রহমান আর সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ। এর আগে আসামিকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারের পর সাজ্জাদ পুলিশকে জানিয়েছেন,তাঁদের সংগঠনের বড় ভাইয়ের (জিয়া) নির্দেশে এবং পরিচালনায় এ হত্যাকাণ্ডে তাঁরা অংশ নেন। তিনি জুলহাস-তনয়,নিলয় ও দীপন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন,গতকাল সন্ধ্যায় সাভারের আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাজ্জাদ তাঁদের সংগঠনের আরেক সদস্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর পড়াশোনা উচ্চমাধ্যমিক পর্যন্ত। সাজ্জাদকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশের দাবি,অভিজৎকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিলেন সাজ্জাদ।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে দুর্বৃত্তদের চাপাতির কোপে ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অমর একুশে বইমেলা উপলক্ষে তাঁরা দেশে এসেছিলেন। বইমেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে তাঁরা হামলার শিকার হন। এ পর্যন্ত অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ডিএমপির কাউন্টার টেরোরিজমের গ্রেপ্তার দুজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।