News71.com
 Bangladesh
 27 Nov 17, 05:40 AM
 192           
 0
 27 Nov 17, 05:40 AM

আগামী মৌসুম থেকে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে সৌদি আরব।।  

আগামী মৌসুম থেকে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে সৌদি আরব।।   

নিউজ ডেস্কঃ হজযাত্রীদর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী হজ মৌসুম থেকে এটি কার্যকর করা হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে হজযাত্রীরা পবিত্র হজব্রত পালনের উদ্দেশে জেদ্দা ও মদিনা গমনের জন্য বাংলাদেশের বিমানবন্দর থেকে ইমিগ্রেশন ও কাস্টমসের জন্য প্রি-ক্লিয়ারেন্স পাবেন। এর ফলে হজযাত্রীদের সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন পয়েন্টগুলোতে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষার ঝামেলা পোহাতে হবে না বলে মনে করেন ধর্ম মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

সচিব আরও বলেন,বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে প্রি-ক্লিয়ারেন্স চালু করার উপায় খুঁজে বের করতে শিগগিরই সৌদি আরবের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে। এবং তারা সৌদি ফিরে যাওয়ার আগে এখানে ইমিগ্রেশন ও কাস্টমসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আনিসুর রহমান বলেন,সরকার সৌদি কর্তৃপক্ষকে ঢাকা,চট্টগ্রাম ও সিলেট দেশের এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের সবক’টিতে প্রি-ক্লিয়ারেন্স চালুর অনুরোধ জানাবে।

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি শাহাদাত হোসেন তাসলিম সৌদি কর্তৃপক্ষের এ উদ্যোগের প্রশংসা করে বলেন,এটি হজ ব্যবস্থাপনাকে সহজ করে তুলবে। আমাদের দেশের হজযাত্রীরা সৌদি বিমানবন্দরে নেমে সোজা লাগেজ এরিয়ায় চলে যেতে পারবেন।তিনি জানান,সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় চলতি বছর হজ মৌসুমে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রি-ক্লিয়ারেন্স ব্যবস্থার সফল বাস্তবায়ন করেছে। প্রসঙ্গত,সৌদি আরবের কোটা অনুযায়ী বাংলাদেশ ২০১৮ সালে এক লাখ ২৭ হাজার হজযাত্রী পাঠাতে পারবে। এ পর্যন্ত দুই লাখের বেশি হজ গমনেচ্ছু ব্যক্তি আগামী বছরের জন্য নাম নিবন্ধন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন