
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে উষ্ণ সংর্বধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টুইন টাওয়ার সংলগ্ন মান্দারিন ওরিয়েন্টাল হোটেলের লবিতে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।উষ্ণ সংবর্ধনায় প্রবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শিল্পমন্ত্রী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল। উল্লেখ্য, ইকোনোমি টাইমস এশিয়ায় যোগ দিতে তিন দিনের মালয়েশিয়া সফর করছেন শিল্পমন্ত্রী। এ কারণে গতকাল মঙ্গলবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল মন্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে ভারতের উদ্দেশে শিল্পমন্ত্রীর রওনা দেওয়ার কথা রয়েছে। সেখানে ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনে যোগ দিবেন তিনি।