
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকায় দিনে-দুপুরে জোড়াখুনের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ওই এলাকার একটি দুই রুমের বাসায় প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষকে এবং প্রায় ২০ বছর বয়সী এক যুবতীকে কে বা কারা ছোরা দিয়ে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে।আজ বুধবার আনুমানিক দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে থাকতে পারে এলাকাবাসীর ধারণা। স্থানীয়রা জানায়, এলাকার জনৈক ডাঃ তৌফিক ইমামের দুই রুমের ওই বাসাটি দেড় থেকে দুই মাস আগে সিবলী সাদিক নামের এক ব্যক্তি ভাড়া নেন। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি একটি পেট্রোল পাম্পে কাজ করেন বলে জানান বাড়ির মালিকের স্ত্রী নাদিরা আক্তার। স্থানীয়রা জানায়, এলাকার মানুষের সাথে তাদের তেমন কোন যোগাযোগ ছিলনা। এদিকে আজ বুধবার দুপুরে ওই বাড়িতেই এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে ভাড়াটিয়া সিবলী সাদিকের স্ত্রী তার বাড়িতে খুন হয়েছে বলে এলাকায় চেঁচামেচি করে শিশু সন্তান নিয়ে গা ঢাকা দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বিছানায় ওপরে অজ্ঞাত ওই যুবতীর এবং ঘরের বাইরে অজ্ঞাত ওই পুরুষের লাশ পরে থাকতে দেখেন এবং থানায় খবর দেয়।খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ এবং পরে পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হন।সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার কাজে ব্যবহৃত ছোঁরা ২টি লাশের পাশেই পরে থাকতে দেখা গেছে। এলাকাবাসীর ধারনা অসামাজিক কার্যকলাপের ঘটনাকে কেন্দ্র করেই এ খুনের ঘটনা ঘটেছে। সৈয়দপুর থানার ওসি মো: শাহজাহান জানান, হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।